ঢাকা   ০৩:০৪:৫৫ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, August 7, 2026,
  • 67 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও উসকানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনগণকে বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে পুলিশ মনে করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরনের অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল এ ধরনের অপপ্রচারে জড়িয়ে পড়েছে। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সম্পৃক্ততার অভিযোগ এবং সরকারি বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির ও অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও পুলিশের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পুলিশ আরও জানায়, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক সুদৃঢ় রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাচ্ছেন। কোনো অপপ্রচার যেন পুলিশ বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণের সহযোগিতা ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি