• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে তৈরি হওয়া নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্য দিয়ে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, তা সভ্যতার জন্য যেমন আশীর্বাদ, তেমনি তৈরি করছে নতুন ধরনের চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা সভ্যতার জন্য সম্পূর্ণ নতুন একটি বাস্তবতা।

তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞান গ্রহণে যুবকদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তাই এআইনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি দিয়ে গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মন্ত্রী বলেন, বিশ্ব যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার গভীরতা এত বেশি যে আগামী দিনে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা অনেকাংশেই অনুমান করা কঠিন। এ কারণে প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তরুণদের শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ দিতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, নতুন ইকোসিস্টেমের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান ও জ্ঞানব্যবস্থা প্রয়োজন। তরুণদের উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দেওয়া এখন শুধু উন্নয়নমূলক উদ্যোগ নয়; ভবিষ্যৎ সভ্যতার জন্য এটি একটি অনিবার্য বিনিয়োগ।

তিনি বলেন, যুবসমাজ শুধু একটি দেশের সম্পদ নয়, সমগ্র মানবসভ্যতার সম্পদ। তাদের শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমানের পরিবর্তনের অংশীদার হিসেবেও বিবেচনা করতে হবে।

বাংলাদেশের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। খেলাধুলা, সৃজনশীলতা, যুবসমাজের বিকাশ এবং পরিবর্তন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তারা বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক সভ্যতার অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

মন্ত্রী যুবসমাজকে কেন্দ্র করে আরও ব্যাপক কর্মসূচি, সচেতনতা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যুবসমাজকে প্রস্তুত করার অর্থ শুধু কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা নয়, ভবিষ্যৎ সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্যও তাদের প্রস্তুত করা। এ জন্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন