• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রদবদলে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছের হোসেনকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

জেলা পুলিশের শীর্ষ পদেও এসেছে পরিবর্তন। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের এসপি করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার এসপি এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার বর্তমান এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিন, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশেও চার কর্মকর্তাকে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

অন্যদিকে, বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবির পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে।

মেট্রোরেল পুলিশের এসপি ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে এবং হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসির সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, পুলিশ প্রশাসনে গতিশীলতা আনা এবং জনস্বার্থে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একসঙ্গে রেঞ্জ, জেলা ও মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই রদবদলকে পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন