যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন এবং তাদের এক প্রতিবেশী রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জামদিয়া গ্রামের দক্ষিণপাড়ার ইকরাম মোল্লার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—জামদিয়া গ্রামের দক্ষিণপাড়ার নিসার আলীর মেয়ে লামিয়া (১৩) ও সুলতানা (১০) এবং একই এলাকার আশিকের মেয়ে ফাহিমা (৯)। লামিয়া জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী, সুলতানা জামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং ফাহিমা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় দুপুরের দিকে লামিয়া, তার ছোট বোন সুলতানা ও প্রতিবেশী ফাহিমা একসঙ্গে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
তিন স্কুলছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে জামদিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।