কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। তিনি মাদক কারবারিদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, ‘হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন। হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন।’ মাদকের বিরুদ্ধে পুলিশের এই আপসহীন অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মাদকবিরোধী র্যালি ও পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া থানা পুলিশ এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভা ও র্যালিতে উপস্থিত ছিলেন উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন, উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণসহ প্রায় শতাধিক উৎসুক জনতা অংশ নেন।
পথসভার শুরুতে একটি মাদকবিরোধী র্যালি মাদ্রাসার চারপাশ ও স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল ও এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে কেবল পুলিশি অভিযান নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে উখিয়াকে দ্রুত মাদকমুক্ত করা সম্ভব। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে উখিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।