কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (৩৪)। তিনি দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে অভিযান চালায়। দাউদকান্দি উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।