• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ মহাসড়কে রেখে অবরোধ ঢাকায় পরিবেশবান্ধব গণপরিবহনে আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য ১০০ বাস অপ্রয়োজনীয় খরচ কমাবে সরকার, প্রয়োজনীয় খাতে ব্যয় হবে: প্রধানমন্ত্রী মহাসড়কে এআই অটো ফাইনে বাড়বে ট্রাফিক শৃঙ্খলা কৃষি জমি ভরাট করা মেঘনাবাসীর বাণিজ্য, লাভের ভাগ যায় শর্ষের গোলায়ও গভীর রাতে নোবিপ্রবি ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩; হেনস্তার শিকার দুই সাংবাদিক নদীতে ঝোপ দেওয়া মেঘনাবাসীর ঐতিহ্য ‘আওয়ারাপন ২’-এর ঝড়, তিন দিনে ১১০ কোটি রুপি

মহাসড়কে এআই অটো ফাইনে বাড়বে ট্রাফিক শৃঙ্খলা

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত, দুর্ঘটনা কমানো এবং দ্রুত ও স্বচ্ছভাবে আইন প্রয়োগের লক্ষ্যে এ প্রযুক্তি চালু করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করা হবে।

তিনি বলেন, মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে। মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের কারও পক্ষ থেকেই চাঁদাবাজি হলে তা সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড থাকবে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা অনেকাংশে কমবে।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, অনুমোদন ও লাইসেন্সবিহীন কোনো থ্রি-হুইলার বা নন-মোটরাইজড যান মহাসড়কে চলতে দেওয়া হবে না। তবে স্থানীয় ফিডার সড়ক ব্যবহার ও সিএনজি স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো শৃঙ্খলার সঙ্গে সমন্বয় করতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি নির্দিষ্ট প্রকল্পের আওতায় ইতোমধ্যে মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা যাবে।

আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট তথ্য সরাসরি বিআরটিএর ডেটাবেজে পাঠানো হবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য জানানো হবে। যানবাহনের মালিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

বারবার ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সাধারণ জনগণকে এ উদ্যোগ সফল করতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন