জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। ফলে একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।