ঢাকা   ১০:১২:৫৪ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026,
  • 38 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. আল হাসান:

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্য কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, ‘হেলথ হাব’-এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে পাওয়া যাবে। সেখানে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। একই সঙ্গে স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজও করা হবে।

চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।

মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

মন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি