• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

বিপ্লব সিকদার / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিপ্লব সিকদার :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। সোমবার দেওয়া ওই বাণীতে প্রধানমন্ত্রী দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারেক রহমান বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
বাণীতে তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে দলটির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় তিনি উদ্যোগ নেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা জনগণের সঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে যাঁরা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
বাণীতে তিনি বলেন, দেশের মানুষ যখনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে সরকার পরিচালনার দায়িত্বে থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক শাসন ও শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা আগামী দিনগুলোতেও দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।
বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম—একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।’
তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় জনগণকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন