ঢাকা   ০৩:০২:২৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের ২ লাখ টাকা নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026,
  • 7 Time View

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ট্র্যাপ টিম। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর কর্মকর্তারা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার সেটি রেজিস্ট্রি না করে আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।
পরে অভিযোগ অনুযায়ী, দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
অভিযোগের পর কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণের মুহূর্তে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।
দুদক সূত্র আরও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি