সৌদি আরবে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত ব্যক্তির নাম মো.সজিব হোসেন। তিনি কুমিল্লার বাসিন্দা।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন মৃত্যুবরণ করেন। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।
বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরইমধ্যে মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে।
তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।