• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিখোঁজের দুই দিন পর ঢাকা থেকে উদ্ধার জুয়েল রানা দাউদকান্দিতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার জনস্বার্থে সাংবাদিকতার মূল্য: তানভীর হাসান তানুকে স্মরণ করে আকতারুল ইসলাম আক্তার দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ একটি কাপুরুষের দল’:নাজমুল হাসানের 

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা চলছে।

শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি। এতে গুরুতর আহত হয়ে আর উঠে দাঁড়াতে পারেনি। ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। এটি মাটিতে শুয়ে রয়েছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে। পেছনের দুটি পা নাড়াতে পারছে না এবং পেটেও আঘাত পেয়েছে।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাতিটিকে অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটিকে আবার বনে অবমুক্ত করা হবে অথবা প্রয়োজনে চকরিয়া সাফারি পার্কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন