কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের বল্লবের কান্দি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি মারাত্মকভাবে হেলে পড়েছে। খুঁটির সঙ্গে থাকা বিদ্যুতের তার পাশের একটি গাছের সঙ্গে লেগে প্রায়ই স্পার্ক হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর গ্রাম থেকে আমিরাবাদ গ্রামের দক্ষিণ পাশ হয়ে বল্লবের কান্দি এলাকায় যাওয়ার বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি খুঁটিটি আরও বেশি হেলে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের তার একটি বাড়ির গাছের সঙ্গে লেগে থাকায় মাঝেমধ্যেই স্পার্ক হচ্ছে, যা পথচারী ও আশপাশের বাসিন্দাদের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বল্লবের কান্দি এলাকার বাসিন্দা মো. সোহাগ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত খুঁটি মেরামত বা প্রতিস্থাপনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, সম্ভাব্য প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং তার দ্রুত মেরামত বা প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা বলেন, দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।