বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান ভিডিও ফাঁসের বিতর্কের মধ্যে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নে হরিনাগাড়ী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. মুনসুর সরদারের ছেলে।
তিনি নূরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তা নিয়ে সৃষ্ট বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি ত্যাগের ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।
আরও পড়ুনপিরোজপুরে জামায়াতের কার্যালয়ের সামনে আগুন, হত্যার হুমকির অভিযোগ
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের ভাষ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কিনা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই করে বলতে হবে।