বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও এক নারীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকায় আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওবায়দুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে বহিষ্কারের আদেশের চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়।