দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ, ২৯ বিজিবির নায়েক সুবেদার রমিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, নেসকোর আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম মো. সাব্বির, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শ্রী সুমন্দ্র চন্দ্র রায়, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছা. রোখসানা খাতুন, বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, ভোক্তা অধিকারের প্রতিনিধি মো. এম. এ. মাসুদ রানা এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে মাদক নির্মূলে যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ছাড়া সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে প্রতিটি মসজিদের ইমাম, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।