মেঘনা উপজেলার চর বিনোদপুর ও তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের মধ্যে চর দখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে চর বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর (৩৫) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখা।
রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সংঘর্ষে কুহিনূর টেটাবিদ্ধ হয়ে নিহত হন এবং প্রায় ৪০ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।
বিবৃতিতে এনসিপি নিহত কুহিনূরের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এনসিপি মেঘনা উপজেলা শাখা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি উভয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। সকল পক্ষকে সংযম প্রদর্শন, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিটি পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার দপ্তর সেলের সদস্য খাদিজা আক্তার।