ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ইয়ামিন মিয়া (৩০) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার নববধূ স্ত্রী সুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় আনন্দের সংসার মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। কারণ, মাত্র ১০ দিন আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।
ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়ি এলাকায়।
নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। আহত সুমা আক্তার বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী ইয়ামিন গত ৮ জুলাই দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।
বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে গত ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি।
সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া বালুবাহী ট্রাক তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।