চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৩ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন সময়ে একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে একজন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি মোট ৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) ঠেকানো এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।”