ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামের কৃতী সন্তান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার (রীতা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
তিনি নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের সম্ভ্রান্ত সাহেব বাড়ির মো. শফিকুল ইসলামের বড় মেয়ে এবং প্রয়াত জাতীয় শিক্ষক নেতা অধ্যাপক এম. শরিফুল ইসলামের ভাতিজি।
ব্যক্তিগত জীবনে তিনি নবীনগরের কথার সম্পাদক ও ৮৬ ব্যাচের সহপাঠী এবং স্কয়ারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেনের চাচাতো বোন ছিলেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মিরপুর-১০ নম্বর কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার বা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মেধাবী কর্মকর্তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রসচিব এবং মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া নবীনগরের এই কৃতী সন্তানের প্রয়াণে নবীনগর নিউজ বাংলা টিভি পরিবারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে।