দেশের সকল উপজেলা পরিষদে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের সুবিধার্থে প্রশাসনিক ভবনে একটি ‘পরিদর্শন কক্ষ’ (ওয়াশরুমসহ) স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত স্মারকে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা পরিষদে একটি পরিদর্শন কক্ষ স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষসমূহ সংরক্ষিত রেখে ভবনের সুবিধাজনক স্থানে পরিদর্শন কক্ষ স্থাপন করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত ব্যবস্থা স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার জন্যও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই বিষয়ে স্থানীয় সরকার বিভাগ গত ২১ এপ্রিল এবং ৬ মে ২০২৬ তারিখে পৃথক দুটি স্মারকের মাধ্যমে নির্দেশনা জারি করেছিল। সর্বশেষ এ স্মারকে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিদর্শন কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প তদারকি সহজ করতেই উপজেলা পর্যায়ে এ ধরনের পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।