নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ

মো. জুয়েল কাজী:

আসন্ন নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক যুবদল নেতা মো. হাফিজুর রহমান শরীফ (হাফিজ)। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মো. হাফিজুর রহমান শরীফ (হাফিজ) ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের পাশে থেকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সেবামুখী নগরকান্দা উপজেলা গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদকমুক্ত সমাজ গঠন, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, হানাহানি, মারামারি ও সামাজিক বিভেদমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হাফিজুর রহমান শরীফ আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুবসমাজের বেকারত্ব। তাই নির্বাচিত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে কাজ করবেন। পাশাপাশি কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সমাজবিরোধী কর্মকাণ্ড রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। সমাজকে কলুষিত করে এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। নির্বাচিত হতে পারলে আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে সবসময় পাশে থাকতে চাই। নগরকান্দার প্রতিটি মানুষের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ নগরকান্দা উপজেলা গড়ে তুলতে চাই।”

এ সময় তিনি নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।