বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা
নিজস্ব সংবাদ দাতা
/ ৮
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
শেয়ার
মো. বেলাল হোসেন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কথা যেমন ভোলার নয়, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগও আমাদের আজীবন স্মরণে রাখতে হবে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন বাকেরগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় শহিদ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারকে মাসিক ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করব। ভবিষ্যতেও জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানসহ সব ধরনের সহযোগিতা করা হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পৌরসভায় তাঁর বাসভবনের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় শহিদের ছবি টাঙিয়ে রাখতে হবে, যাতে তিনি সব সময় তাদের অবদান স্মরণ করতে পারেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।