কুমিল্লার মেঘনা উপজেলায় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাদ আসর দিদার মেম্বারের মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় অংশগ্রহণকারীরা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জুলাইয়ের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার আমীর লোকমান হোসেন ভূঁইয়া। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার সভাপতি এবং ১১ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।