ঢাকা   ০৩:০৩:১৬ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 67 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ছাড়াও জোটের পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদও অংশ নেন।

এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জোটের রাজনৈতিক অবস্থান, সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে কর্নেল (অব.) অলি আহমেদকে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান নেতারা।

জোটের নেতারা মনে করছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অভিন্ন প্রার্থী দেওয়ার মাধ্যমে জোটের রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের বিষয়টি আরও স্পষ্ট হবে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও কৌশল নির্ধারণেও এ সমঝোতা ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি