• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া যোগদান করেছেন।

বুধবার (১৯ আগস্ট) তারা দুর্নীতি দমন কমিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। দীর্ঘদিন হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন।

নতুন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৯৬৩ সালের ৬ জুলাই মানিকগঞ্জে জন্মগ্রহণকারী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দিয়ে তিনি ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অবসর নেওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করেন। দুদকে যোগদানের আগে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আইনের অধ্যাপক এবং আইন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে লিগ্যাল এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ছিলেন। ১৯৬৩ সালের ১৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণকারী ড. সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও এবি ব্যাংকে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ ও আইবিএতে খণ্ডকালীন শিক্ষকতা করেন।

ফিন্যান্স, বাণিজ্য, ক্যাশ ফ্লো, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, সম্পদ ও দায় মূল্যায়ন, ট্রান্সফার প্রাইসিং, মানিলন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদানের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। তাদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে দুর্নীতি দমন কার্যক্রম আরও কার্যকর হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন