কুমিল্লায় নিখোঁজ স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।

কুমিল্লায় নিখোঁজের একদিন পর অপ্রতিম (১৩) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এ সময় সে মায়ের আইফোন সঙ্গে নিয়ে যায়। এরপর আর বাসায় ফেরেনি।
সন্তানকে খুঁজে না পেয়ে শুক্রবার রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধানে অভিযান চালান। তার সর্বশেষ অবস্থান এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়।
অপ্রতিমের নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আকুতি জানান তার মা ড. নাহিদা বেগম। ছেলেকে উদ্ধারে তিনি সবার সহযোগিতাও কামনা করেন।
শনিবার দুপুরে লালমাই পাহাড়ের নির্জন এলাকায় অপ্রতিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।