https://bindubanglatv.com/
প্রতিরক্ষা খাতের বিভিন্ন সংস্থার সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিভি) সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যদের অবহিত করা হয়। পরে এসব সংস্থার সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খাঁন, বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন এবং বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তিন বাহিনীর সদরদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।