https://bindubanglatv.com/
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ৩৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় এলেও প্রথমে নিট এশিয়া ও আল-মুসলিম কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের বিভিন্ন কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কিছু কারখানা আগে থেকেই নোটিশ দিয়ে বন্ধ রাখা হয়েছিল।
শিল্পাঞ্চলসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস, নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন, নিউ এইজ, হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, ডেকো গার্মেন্টস, বেঙ্গল গ্রুপ ও সাদিয়া ফ্যাশনসহ ১০টি কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এসব এলাকার অনন্ত ও হা-মীম গ্রুপের কারখানার সামনে সংঘর্ষের ঘটনাও ঘটে।
নরসিংহপুর, জিরাবো ও বাড়ইপাড়া এলাকার আটটি কারখানা হলো পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারী গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড ও জি কিউ ইন্ডাস্ট্রিজ।
এ ছাড়া কাঠগড়া, আমতলা ও নয়াপাড়া এলাকার ১০টি কারখানা হলো মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড, হেসং কোরিয়া লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন গ্রুপ, আফিয়া নিটওয়্যার লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, এভারব্রাইট সোয়েটার লিমিটেড ও গ্রিন লাইফ নীটেক্স লিমিটেড।
অন্যদিকে জামগড়া এলাকার সাতটি কারখানা হলো ফ্যাশন ফোরাম লিমিটেড, সাফা সোয়েটার, উঁচু ফ্যাশন, দিপস অ্যাপারেলস, এফ এন এফ অ্যান্ড ট্রেড ফ্যাশন, ফ্যাশন ইট কোম্পানি ও আয়েশা ক্লোথিং (পলমল গ্রুপ)।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু কারখানা আগে থেকেই বন্ধ ছিল। সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে নিট এশিয়া ও আল-মুসলিম কারখানায় আন্দোলন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।