ঢাকা   ১২:২০:১০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘৯০ শতাংশ পতন’ বক্তব্যের নেপথ্যে সাংবাদিক রাজু

Reporter Name
  • Update Time : Friday, November 6, 2026,
  • 3 Time View
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভাইরাল বক্তব্যের পেছনের গল্প সামনে আনলেন সহকর্মী, রাজুকে অপদস্ত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ।

গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ‘শেখ হাসিনার ৯০ শতাংশ পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দাও’—নুরুল হক নুরের বহুল আলোচিত ও ভাইরাল বক্তব্যের নেপথ্যের গল্প সামনে এসেছে। বক্তব্যটি তাৎক্ষণিকভাবে ভিডিওতে ধারণ করে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। সম্প্রতি সেই রাজুকে অপদস্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর এক সহকর্মী।

ওই সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় একদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নুরুল হক নুরকে আদালতে নেওয়ার জন্য আনা হলে বৃষ্টির কারণে দু-একজন সাংবাদিক ছাড়া অন্যরা বারান্দাসহ বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ যখন নুরুল হক নুরকে লিফটে তোলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তাঁকে প্রশ্ন করেন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু।

রাজু জানতে চান, ‘নুর ভাই, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’

জবাবে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার ৯০ শতাংশ পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দাও।’

রাজুর করা প্রশ্ন এবং নুরুল হক নুরের সেই জবাব ভিডিওতে ধারণ করা হয়। পরে সমকালের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমেও ভিডিওটি প্রচারিত হয়।

ওই সাংবাদিকের মতে, গণঅভ্যুত্থানের সেই উত্তাল সময়ে বক্তব্যটি আন্দোলনকারীদের মধ্যে নতুন করে সাহস, উদ্দীপনা ও প্রত্যয়ের সঞ্চার করেছিল। আজকের দিনে অনেকের কাছে বক্তব্যটির গুরুত্ব হয়তো আগের মতো অনুভূত হবে না। তবে সেই সময়ের প্রেক্ষাপটে এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য। অনেকেই বক্তব্যটি শুনেছেন এবং ভিডিও দেখেছেন, কিন্তু এর পেছনে থাকা তাৎক্ষণিক সাংবাদিকতার গল্প ও রাজুর ভূমিকার কথা অনেকেরই জানা নেই।

সহকর্মী হিসেবে রবিউল ইসলাম রাজুর ব্যক্তিত্ব ও পেশাগত দক্ষতার প্রশংসা করে ওই সাংবাদিক বলেন, রাজু অত্যন্ত অমায়িক ও ভালো মনের মানুষ। তাঁকে কখনো রাগতে দেখেননি। তিনি সবসময় পরিপাটি থাকেন। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে আচরণ, কথাবার্তা ও ব্যবহার—সবকিছুতেই তাঁর মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়।

তিনি আরও বলেন, জন্মগতভাবে রাজুর এক হাতে ত্রুটি থাকলেও তা কখনো তাঁর পেশাগত অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং ক্যামেরা পরিচালনা ও ভিডিও সম্পাদনায় তাঁর দক্ষতা অনেকের কাছেই প্রশংসনীয়।

সম্প্রতি রাজুকে দায়ী করে অপদস্ত করার ঘটনার নিন্দা জানিয়ে ওই সাংবাদিক বলেন, একজন সংবাদকর্মীর পেশাগত কাজ ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা উচিত। যেভাবে রাজুকে ব্লেম দিয়ে অপদস্ত করা হয়েছে, তার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।

তিনি রবিউল ইসলাম রাজুর পেশাগত অবদানের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাঁর সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি