https://bindubanglatv.com/
দেশের সর্বদক্ষিণে কক্সবাজারের টেকনাফের কাছে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। তবে অনুমোদনসংক্রান্ত জটিলতা কাটিয়ে পাঁচ দিন পর, ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন পথে শুরু হয় জাহাজ চলাচল। এরপর পাঁচ দিনে দ্বীপটিতে গেছেন মাত্র ৪ হাজার ৩৯১ জন পর্যটক। দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের বাড়তি ভাড়াকে পর্যটকদের অনাগ্রহের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো এমভি বারো আউলিয়া, এমভি টেকনাফ ও এমভি কর্ণফুলী। ৯ নভেম্বর সোমবার পর্যন্ত এসব জাহাজে ভ্রমণ পাস নিয়ে সেন্ট মার্টিন গেছেন ৪ হাজার ৩৯১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় গেছেন সর্বোচ্চ ২ হাজার ১৪৯ জন। এমভি টেকনাফে গেছেন ১ হাজার ২২৩ জন এবং এমভি কর্ণফুলীতে ১ হাজার ১৯ জন।
জাহাজগুলোর দৈনিক মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। অন্যদিকে, চলতি মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি রয়েছে। সেই হিসাবে পাঁচ দিনে ১৭ হাজার ৫০০ পর্যটকের দ্বীপটিতে যাওয়ার সুযোগ থাকলেও গেছেন মাত্র ২৫ শতাংশ।
সমুদ্রের জোয়ার-ভাটার ওপর নির্ভর করে প্রতিদিন সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাচ্ছে। প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।
দীর্ঘ এই যাত্রাকে ক্লান্তিকর ও অস্বস্তিকর বলে মনে করছেন পর্যটকেরা। জাহাজের ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে পর্যটকদের মধ্যে।
বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, টেকনাফ কিংবা ইনানী থেকে জাহাজ চলাচল শুরু হলে পর্যটকের সংখ্যা বাড়বে এবং যাত্রাও তুলনামূলক স্বস্তিদায়ক হবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজের কর্মীদের খরচ এবং সরকারের ভ্যাট-করসহ বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। তবে পর্যটকদের কথা বিবেচনা করে ভাড়া কমানোর বিষয়টি ভাবা হচ্ছে। ইতিমধ্যে সাশ্রয়ী মূল্যে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও চালু হয়েছে।
মাত্র আট বর্গকিলোমিটার আয়তনের সেন্ট মার্টিনে গড়ে উঠেছে প্রায় আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। এসব আবাসনকেন্দ্রে একসঙ্গে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে।
মৌসুম শুরু হলেও এখনো দ্বীপটিতে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি। অধিকাংশ হোটেল-রিসোর্ট প্রস্তুত থাকলেও কিছু আবাসন ও খাবারের হোটেলে সংস্কার এবং সাজসজ্জার কাজ চলতে দেখা গেছে।
দ্বীপের গলাচিপা এলাকার কিংশুক ইকো রিসোর্টের পরিচালক সরোয়ার কামাল বলেন, পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে তাঁদের রিসোর্ট নতুন করে সাজানো হয়েছে। সেখানে সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবারসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। এবার ভালোসংখ্যক পর্যটক আসবেন বলে আশা করছেন তাঁরা।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাতেও অবস্থান করতে পারবেন।
এবার পর্যটকদের জন্য কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। ভ্রমণের জন্য সংগ্রহ করতে হবে ভ্রমণ পাস ও কিউআর কোডযুক্ত টিকিট। এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, তাঁদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও দ্বীপটির ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রয়েছে। বিশেষ করে রাতের বেলায় পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।