ঢাকা   ০৮:৩৭:৫৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের এক দিনে ৪ স্থানে অভিযান

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026,
  • 2 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে বুধবার (১১ নভেম্বর ২০২৬) চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানের মধ্যে রয়েছে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগ, পাবনা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অতিরিক্ত অর্থ আদায় ও সেবাগ্রহীতাদের হয়রানি, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য এবং নেত্রকোনার অভয়পাশা বাইপাস সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ।

ওষুধের কৃত্রিম সংকটের অভিযোগে অভিযান: ঢাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযান চালিয়ে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের তালিকা, মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভার কার্যবিবরণীসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে দুদক। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

পাবনায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ: পাবনা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে দুদক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে অভিযানকারী দল। সেবাগ্রহীতাদের অভিযোগ, দলিল লেখক সমিতির নামে সরকার নির্ধারিত ফির বাইরে জনপ্রতি ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান: রোগী হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য, চিকিৎসা পরীক্ষার যন্ত্রপাতি অচল রাখা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থায় অবহেলার অভিযোগে অভিযান চালায় দুদক। টিম ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে পরিচালকের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে।

নেত্রকোনায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ: আটপাড়া উপজেলার অভয়পাশা বাইপাস সড়কের প্রায় সাত কিলোমিটার সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কার্যাদেশ অনুযায়ী কাজ না করার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সড়ক পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রকল্পের নথিপত্র সংগ্রহ করা হয়।

দুদক জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, নথিপত্র ও কারিগরি মতামত পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি