• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এরশাদের কফিনে ফুল দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

১৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদের মসজিদের ইমাম মাওলানা আবু রায়হান।

জানাজা শেষে এরশাদের কফিনে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এছাড়া স্পিকারের পক্ষে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার আগে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এরশাদের জীবনী পাঠ করেন। এছাড়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ মরহুমের কর্মময় জীবনের কথা তুলে ধরেন। এরশাদের পরিবারের পক্ষে রওশন এরশাদ বক্তব্য রাখেন।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম,  মাহাবুব-উল আলম হানিফ, আবদুস সোবহান গোলাপ, সাবের হোসেন চৌধুরী, ব্যারিস্টার ফজলে নূর তাপস, মুহাম্মদ ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনও জানাজায় যোগ দেন। এছাড়া বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ, জিএম সিরাজ, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার জানাজায় অংশ নেন।

এর আগে বেলা সোয়া ১০টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা দলে দলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে থাকেন। পুরো সংসদ ভবন এলাকায় তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

জানাজা শেষে জাতীয় পার্টির নেতারা জানান, দলীয় প্রধানের মরদেহ সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেয়া হবে। পরে বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে এরশাদের নিথর দেহ।

আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেয়া হবে। রংপুর ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে। এরপর এরশাদের দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, রোববার ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরশাদ। পরে ওইদিন বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন