কুমিল্লার হোমনা ও মেঘনা উপজেলায় পুলিশি ধাওয়া শেষে ৬০ কেজি গাঁজাভর্তি একটি প্রাইভেটকার জব্দ করেছে হোমনা থানা পুলিশ। তবে অভিযানের শেষ মুহূর্তে গাড়ির চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে হোমনা থানার এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।এ সময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু সংকেত অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে মেঘনা থানার দিকে পালানোর চেষ্টা চালায়। পরে মেঘনা থানা পুলিশের সহযোগিতায় ধাওয়া শুরু হয়। একপর্যায়ে মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হয় পুলিশ।
পরে গাড়ির পিছনের কেবিনে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের মধ্যেই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত গাড়ির বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয়দের মতে, কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন সড়ক ব্যবহার করে সম্প্রতি মাদক পাচার বেড়েছে। বিশেষ করে প্রাইভেটকার ও মাইক্রোবাস ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পরিবহনের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।