কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা, পথসভা ও যোগদান অনুষ্ঠান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক সমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি।” তাঁর এ বক্তব্যকে ঘিরে পুরো সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।রবিবার (১৭ মে) সকাল ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

যোগদান পর্ব শেষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয় এবং সমাবেশটি দ্রুতই জনমনে দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার আহবায়ক এম কে রশিদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাদিমুজ্জামানের সঞ্চালনায় সভায় তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি, দখলবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন জনগণ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে দেশে একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে উঠছে। জনগণের অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। একই সঙ্গে মেঘনাসহ সারাদেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দেন তিনি।এদিকে বিশেষ অতিথির বক্তব্যে নাভিদ নওরোজ শাহ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে এনসিপি কাজ করছে। তরুণ সমাজকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।এছাড়াও মাওলানা শওকত আদনানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।