বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ আগামী ২৩ জুনকে কেন্দ্র করে দাউদকান্দি ও মেঘনা উপজেলার নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আগামী ২৩ জুন গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।ড. খন্দকার মারুফ বলেন, ২৩ জুন দাউদকান্দি ও মেঘনা এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর নামে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।তিনি আরও জানান, দাউদকান্দি উপজেলা বিএনপি, দাউদকান্দি পৌর বিএনপি, মেঘনা উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ২২ জুন রাত থেকে ২৩ জুন রাত পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, বিভিন্ন বাজার, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।