• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও

বিপ্লব সিকদার / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একদিনের মধ্যেই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওতে তিনি ক্যালকুলেটরে হিসাব করে বিভিন্ন প্রকল্পের বিপরীতে কমিশনের অঙ্ক নির্ধারণ করছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন বলে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বাবুল চন্দ্র রায়। তিনি বলেন, “কাজ সম্পন্ন না করেই বিল নিতে আসায় তাঁদের সঙ্গে এ ধরনের কথা হয়েছে। কমিশন বা ঘুষ নেওয়ার কোনো প্রশ্নই আসে না।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বলেন, অভিযোগের বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন