মো. আব্দুল আজিজ সৌখিন:
‘বিদ্রোহী কবি নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ’—এই অনন্য মূলভাবকে ধারণ করে ‘বিদ্রোহের স্বরলিপি’ নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ উপলক্ষে সেমিনার ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমন্বয় করে **কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ**।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন (যুগ্ম সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়)। বিশেষ অতিথি ছিলেন ‘বাঁশরী’র নির্বাহী পরিচালক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও নজরুল গবেষক নাসিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও প্রকাশক এম. তারিক হাসিব।
সেমিনারে নজরুলের দর্শন নিয়ে আলোচনা করেন নর্দান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, কথশৈলী আবৃত্তি সংসদের পরিচালক রহমতুল্লাহ রাজন, বিশিষ্ট লেখক সীমান্ত আকরাম এবং প্রাবন্ধিক এনামুল হাসান মোহাম্মদ নাঈম।
সেমিনার শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী তাওহিদুল ইসলাম এবং কিডস কালচারাল একাডেমির পরিচালক ইমাম হোসেন। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা **‘কাণ্ডারী হুঁশিয়ার’**-এর দলীয় আবৃত্তি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন ভয়েস আর্টিস্ট বাংলাদেশের সভাপতি লাবণ্য মল্লিক।
সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক এম. সাব্বির আহমেদ জানান, “তরুণদের মাঝে নজরুলের অসাম্প্রদায়িকতা, মানবতাবাদ ও দ্রোহের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই নিরলস প্রচেষ্টা।”