মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলার ১১ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক এবং সংসদ সদস্য মনোনীত, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।