মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুই সেতুর মাঝখানের খালে পড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৫০)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেলফি পরিবহনের বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, বাসটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।