সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ প্রতিষ্ঠার এক অবিচল অঙ্গীকার। সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, দক্ষতা উন্নয়ন এবং মানবিক কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ সময়ের অপরিহার্য দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় দৈনিক ‘নবজীবন’-এর প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ এবং মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায়সংগত অধিকার আদায়ে সচেতনতা তৈরি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
নুরুন্নাহার বলেন, “একটি দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। আর সেই দর্পণকে স্বচ্ছ রাখতে হলে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রতিটি ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী সাংবাদিকদের সংগঠিত ও দক্ষ করে তুলতে কাজ করছেন। পাশাপাশি প্রশিক্ষণ, মতবিনিময় সভা, ইফতার মাহফিল, বনভোজনসহ বিভিন্ন সামাজিক ও পেশাগত আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংহতি জোরদারে ভূমিকা রাখছে সংগঠনটি।
নুরুন্নাহার আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত এমন কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সংবাদকর্মীরাও এর সুফল ভোগ করবেন।
তিনি বলেন, একটি শক্তিশালী, দায়িত্বশীল ও মানবিক সাংবাদিক সমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম-সংশ্লিষ্ট সংগঠন এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তবেই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা আরও বিকশিত হবে এবং দেশের গণমাধ্যম অঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে।