• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্ট / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী স্বাগত বক্তব্য রাখেন। ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে দেশের সব ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে বিজিবি সদস্যরা সভায় যুক্ত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে গত পাঁচ মাসে বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্মার্ট সীমান্ত ব্যবস্থাপনার আওতায় নতুন বিওপি স্থাপন, জনবল বৃদ্ধি, ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরাসহ আধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বিজিবিকে একটি আধুনিক ও বিশ্বমানের বাহিনীতে রূপান্তরের কাজ এগিয়ে চলছে।
তিনি বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর প্রধান শক্তি তার শৃঙ্খলা। গুজব, অপপ্রচার কিংবা উসকানিতে বিভ্রান্ত না হয়ে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বাজেট ও সম্পদের সীমাবদ্ধতা থাকলেও সরকার ধাপে ধাপে বিজিবির যৌক্তিক চাহিদা পূরণ, আবাসন সুবিধা ও কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তায় বিজিবি ধারাবাহিকভাবে দক্ষতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজিবি নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করে দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে।
সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও জোরপূর্বক পুশইনের অপচেষ্টা দক্ষতার সঙ্গে প্রতিহত করায় বিজিবির প্রশংসা করে মন্ত্রী বলেন, বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে বর্তমানে পুশইনের অপচেষ্টা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও চোরাচালান দমন, মানবপাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের জন্য মানবিক কর্মকাণ্ড পরিচালনায় বিজিবির ভূমিকারও প্রশংসা করেন তিনি।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বাহিনীর অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন। মতবিনিময় সভা শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ ও দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া পিলখানার সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন