নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণার কথা উল্লেখ করে ওসি বলেন, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।