কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডের শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব সমস্যা শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক স্খলন রোধ, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় গত জুন ২০২৬ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে ঘোষণা করা হয়।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। তিনি ভবিষ্যতেও আরও ভালো কাজের জন্য সবাইকে উৎসাহিত করেন এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধিরও আহ্বান জানান।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।