কৃষি গবেষণার মানোন্নয়ন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এ মতবিনিময় সভা, অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা এবং ‘কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (জিএইউ), এনএটিএ (NATA) এবং এসসিএসহ কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান গবেষণা কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষি গবেষণাকে সময়োপযোগী, উদ্ভাবননির্ভর ও কৃষকবান্ধব করতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষির টেকসই উন্নয়নে গবেষণার বিকল্প নেই। আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই. মোহামেদ। তিনি গবেষণার ফল মাঠপর্যায়ে দ্রুত পৌঁছে দিয়ে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।