কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২২ উনচিপ্রাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে দিবাকালীন টহল দল এবং ক্যাম্প-২২-এর মহিলা মাঝি মিনারা বেগমের সহযোগিতায় সি/৫ ব্লকের ৩২৯ নম্বর বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী ঝিনুক আরা (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ঝিনুক আরার স্বামীর নাম মোহাম্মদ হোছন। তিনি ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/৫ ব্লকের ৩২৯ নম্বর ঘরের বাসিন্দা।
এপিবিএন জানায়, টেকনাফ মডেল থানার মামলা নং-০২, তারিখ ২ জানুয়ারি ২০১৮, জিআর নং-০২/১৮ (টেকনাফ)-এ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর ৯(খ) ধারায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর আসামিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এপিবিএনের স্কটের মাধ্যমে তাকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে প্রয়োজনীয় ডায়েরি এন্ট্রি করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।