শহীদুল ইসলাম শরীফ:
ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ধুলাশুরা ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবাড়ী ব্যাচ ইলেভেন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে নবাবগঞ্জের বারুয়াখালী স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা মানুষের মনের সংকীর্ণতা দূর করে এবং তরুণ সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখে। নবাবগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের যুবসমাজকে দেশ গঠনে উপযোগী করে তুলতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
ফাইনাল ম্যাচের শুরু থেকেই নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ও ধুলাশুরা ফুটবল একাদশের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা উপভোগ করেন রোমাঞ্চকর ফুটবল। তবে চমৎকার দলীয় সমন্বয়, গতিময় আক্রমণভাগ এবং দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করে নয়াবাড়ী ব্যাচ ইলেভেন প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে ৩-০ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশপাশের এলাকা থেকে আগত হাজারো ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।