ভোলার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত লাবিব মাহমুদ খান চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং চরফ্যাশন বারের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।
সোমবার দুপুরে বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় সহপাঠীদের সঙ্গে অংশগ্রহণের পর বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ডাকবাংলোর পুকুরপাড়ে যাই। আমার সামনেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলা শেষে কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে যায়। সেখানেই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।