আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

সাধন সাহা জয়:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলমান আলিম পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টার অপরাধে মো. মনির হোসেন নামের এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের দায়িত্ব স্থগিত এবং অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই, ২০২৬) ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন আখাউড়া উপজেলার রানীখার সৈয়দ এমদাদুল বারি গাউছিয়া আলিম মাদরাসার শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি বাইরে থেকে উত্তরপত্র লিখে এনে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহের চেষ্টা করছিলেন।

বিষয়টি কেন্দ্রে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে হাতেনাতে প্রমাণ পাওয়ায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই ঘটনার পর কেন্দ্রটিতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। নকল সরবরাহে সহযোগিতা বা দায়িত্বে অবহেলার দায়ে আরও দুই শিক্ষকের পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া, ওই কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট পাঁচজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।